পেশাদার ফুটবলে ১৭ বছর বয়সে পথচলা শুরু। এখন বয়স ৩৪। দীর্ঘ ক্যারিয়ারে ফুটবলই তাঁর জীবনের বড় অংশ। তবে খেলা ছাড়ার পর কিছুদিন ফুটবল থেকে পুরোপুরি দূরে থাকতে চান ব্রাজিলিয়ান তারকা নেইমার। অবসরের পর এক বছর একেবারেই কিছু না করার পরিকল্পনার কথা জানিয়েছেন সান্তোসের এই ফরোয়ার্ড।
সান্তোসের সাম্প্রতিক ভালো পারফরম্যান্সে উচ্ছ্বসিত নেইমার। তবে মাঠের বাইরের জীবন নিয়েও এখন থেকেই ভাবছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।
‘ভারান্দা গুরমে’ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অবসরের পর নিজের পরিকল্পনা জানিয়ে নেইমার বলেন, ‘অবশ্যই, খেলা ছাড়ার পর আমি এক বছর একেবারেই কিছু না করে কাটাব। এভাবে চলব—ধরুন, আজ যদি ফুটবল খেলতে ইচ্ছা করে, খেলব। আর যদি কিছুই করতে ইচ্ছা না করে, তাহলে কিছুই করব না।’
ফুটবলের প্রতি গভীর ভালোবাসা থাকলেও টেলিভিশনের সামনে বসে খেলা দেখতে খুব একটা পছন্দ করেন না সর্বশেষ বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচ শেষে ব্রাজিল থেকে অবসর নেওয়া নেইমার। বরং টিভিতে ফুটবল দেখতে গিয়ে বিরক্ত হয়ে পড়েন বলে জানিয়েছেন। বাস্কেটবল অবশ্য মাঝেমধ্যে দেখতে ভালো লাগে তাঁর, ‘আমি (টিভিতে ফুটবল দেখা) পছন্দ করি না। বাস্কেটবল ভালো লাগে, তবে মাঝেমধ্যে। ফুটবল দেখতে বসলে আমি রেগে যাই।’
কেন টেলিভিশনে ফুটবল দেখতে ভালো লাগে না, সেটিও ব্যাখ্যা করেছেন ব্রাজিলের এই তারকা। তাঁর কথায়, সাক্ষাৎকারে কিংবা বন্ধুদের কাছে এ কথা বললে কেউ বিশ্বাস করতে চায় না। ফুটবলকে ভালোবাসেন ঠিকই, তবে তাঁর ভালোবাসা মূলত মাঠে খেলার জন্য। সোফায় বসে টেলিভিশনে ম্যাচ দেখায় সেই তৃপ্তি পান না।
নেইমার বলেন, ‘সাক্ষাৎকারে কিংবা বন্ধুদের সঙ্গে কথা বলার সময় যখন এসব বলি, কেউ বিশ্বাস করে না। আমি ফুটবল ভালোবাসি, কিন্তু খেলতে ভালোবাসি। সোফায় বসে টিভি চালিয়ে একটা ম্যাচ দেখা আমার কাছে যথেষ্ট নয়।’
কমেন্ট বক্স