ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদ লক্ষ্য করে হুতির ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ধ্বংস করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
২ ঘন্টা আগে
রিয়াদ লক্ষ্য করে হুতির ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ধ্বংস করল সৌদি
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। তবে সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ ঘটনার আগে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ নাজরান ও ওয়াদি আল-দাওয়াসির অঞ্চলে জরুরি সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরে অঞ্চল তিনটিতেই বিপদ কেটে যাওয়ার কথা জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জানান, রিয়াদের দিকে নিক্ষেপ করা হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

এর আগে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ পৃথক বার্তায় জানায়, জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে রিয়াদ, নাজরান ও ওয়াদি আল-দাওয়াসিরের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। সম্ভাব্য বিপদ মোকাবিলায় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বানও জানানো হয়।

পরে কর্তৃপক্ষ জানায়, তিনটি অঞ্চলেই তাৎক্ষণিক বিপদ কেটে গেছে। তবে বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে এবং ঘটনাস্থলে ভিড় করা কিংবা ছবি ও ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এদিকে, এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার কথাও জানিয়েছিল।


কমেন্ট বক্স