ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ জাতিসংঘ দিবস

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
আজ জাতিসংঘ দিবস
বিশ্বশান্তি, নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা বজায় রাখার অঙ্গীকার নিয়ে ৮১ বছরে পদার্পণ করল বিশ্ব রাজনীতির শীর্ষ সংগঠন জাতিসংঘ। আজ ২৪ অক্টোবর, বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ‘জাতিসংঘ দিবস’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং লিগ অব নেশনসের ব্যর্থতার পটভূমিতে ১৯৪৫ সালের এই দিনে সনদ কার্যকর হওয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল সর্বজনীন এই সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে সদর দপ্তর অবস্থিত এই আন্তর্জাতিক সংস্থাটির নামকরণ করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। বর্তমানে ১৯৩টি সদস্যরাষ্ট্র নিয়ে পরিচালিত বিশ্ব সংস্থার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস

১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান দিন দিন সুদৃঢ় হয়েছে। বিশেষ করে বিশ্ব শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান আজ সর্বজনবিদিত। ১৯৮৮ সালে ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে অংশগ্রহণের মাধ্যমে শুরু হওয়া এই যাত্রায় বর্তমানে শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় বাংলাদেশি সশস্ত্র বাহিনী ও পুলিশের ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত।

এর পাশাপাশি বহুপক্ষীয় কূটনীতিতেও ঐতিহাসিক সফলতা অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ২০২৬ সালের ২ জুন সাধারণ পরিষদের নির্বাচনে ৯৯ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন এবং ৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম সাধারণ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী।

দিবসটি উপলক্ষে বিশ্বজুড়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতামূলক নানা কর্মসূচি পালিত হচ্ছে, যা মানবাধিকার রক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতার মূলনীতি পুনর্ব্যক্ত করার বিশেষ সুযোগ তৈরি করেছে।


কমেন্ট বক্স