ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী তুলনা মারা গেছেন

বিনোদন ডেস্ক
১ ঘন্টা আগে
অভিনেত্রী তুলনা মারা গেছেন
মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ২৪ অক্টোবর (শনিবার) এ তথ্য জানিয়েছেন তুলনার ছোট ভাই আয়াজ। 

তিনি জানান, ব্রেন টিউমার থেকে পরবর্তীতে তুলনার ক্যানসার ধরা পড়ে। এর আগে অস্ত্রোপচার করে কিছুটা সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। পরে রাত ১১টা ৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

তুলনার পরিবার জানিয়েছে, শনিবার মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের তিন নম্বর রোডে জানাজা শেষে তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। 

তুলনা মডেলিং, অভিনয় ও উপস্থাপনায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও তিনি ছিলেন সমানভাবে প্রশংসিত। ব্যক্তিগত জীবনের কঠিন লড়াই আড়ালে রেখেও সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় প্রাণবন্ত উপস্থিতি ও ইতিবাচক মনোভাব দিয়ে ভক্তদের অনুপ্রাণিত করেছেন তিনি।

তুলনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিকমাধ্যমে তার সহকর্মী, দেশের নামী ফ্যাশন কোরিওগ্রাফার, ডিজাইনার এবং ভক্তরা গভীর শোক প্রকাশ করছেন।


কমেন্ট বক্স