প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। এতে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেকের বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের।
সরকারিভাবে বৈঠক স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হয়েছে। তবে পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর জাপান সফরের কারণে গত রাতে বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাপানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সফরের আগে গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ শেষ করার প্রয়োজন থাকায় নির্ধারিত সময়ে একনেক বৈঠক আয়োজন করা সম্ভব হয়নি।
রোববারের বৈঠকে উপস্থাপনের জন্য ১৫টি উন্নয়ন প্রকল্প প্রস্তুত করা হয়েছিল। প্রকল্পগুলোর সম্ভাব্য মোট ব্যয় প্রায় ৯ হাজার কোটি টাকা।
প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল তিতাস গ্যাসক্ষেত্রে তিতাস-৩২ ও তিতাস-৩৩ নামে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ খনন প্রকল্প। এ ছাড়া ‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ প্রকল্প এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পও অনুমোদনের অপেক্ষায় ছিল।
তালিকায় আরও ছিল বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত অংশ, নর্দমা ও ফুটপাত উন্নয়ন প্রকল্প।
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত ও অপারেশনাল যানবাহন কেনার দুটি প্রকল্পও বৈঠকে উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। পাশাপাশি দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপন প্রকল্পও ছিল অনুমোদনের তালিকায়।
একনেক বৈঠক স্থগিত হওয়ায় এসব প্রকল্পের অনুমোদন পরবর্তী বৈঠক পর্যন্ত পিছিয়ে গেছে। পরবর্তী বৈঠকের তারিখ জানানো হলে প্রকল্পগুলোর অনুমোদন প্রক্রিয়া সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
কমেন্ট বক্স