রাজপথে তরুণদের স্বতঃস্ফূর্ত আন্দোলন ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) বিরাট চ্যালেঞ্জের মুখে ফেলেছে। দলটি স্তরে স্তরে সংকটে পড়ে ভবিষ্যৎ কৌশল পুনর্বিবেচনায় বাধ্য হচ্ছে। একইসঙ্গে দলের নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় রাজনৈতিক চাপের মুখে পড়েছেন।
এএফপি ও রয়টার্সের বিশ্লেষণ বলছে, ভারতের রাজনীতিতে গত এক দশকেরও বেশি সময় ধরে চলা বিজেপি ও মোদির একচ্ছত্র আধিপত্য এবং রাজনৈতিক কর্তৃত্ব এখন ভাঙনের পথে।
তরুণ প্রজন্মের নেতৃত্বাধীন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) বিজেপির ‘অপরাজেয়’ ভাবমূর্তিকে গভীর প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তাদের আন্দোলন আরও বেশি রাজনৈতিক রূপ নিয়ে ক্রমেই শক্তিশালী হচ্ছে।
বেকারত্ব, শিক্ষার অনিয়ম, দুর্নীতি ও নির্বাচনি স্বচ্ছতার মতো বিষয় ঘিরে প্রশ্ন ও বিরোধ এখন মোদি সরকারের বিরুদ্ধেই কেন্দ্রীভূত হয়েছে। জেন-জেড আন্দোলনের এই অভূতপূর্ব ঝড়ে মোদির রাজনৈতিক কৌশল কার্যত চাপে পড়েছে; রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে।
বিজেপি ঠিক কোন পথে হাঁটতে যাচ্ছে, তা দিল্লির রাজনীতিতে এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। জেনজি আন্দোলনের এই অভূতপূর্ব ঝড়ে নরেন্দ্র মোদির রাজনৈতিক কৌশল ডুবতে বসেছে। রাজপথের বৈপ্লবিক অসন্তোষের কারণে ভারতের প্রশাসনিক ও রাজনৈতিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে সৃষ্টি হয়েছে গণঅনাস্থা।
রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ভারতের রাজনীতিতে দলীয় মেরুকরণ ভেঙে পড়েছে। ফলে দেশটির প্রচলিত নির্বাচনী রাজনীতিতে এক গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। সিজেপি আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তির আড়ালে অবিচারের চর্চাকে বিশ্বের মানুষের সামনে খুলে দিয়েছে।
বিজেপির রাজনৈতিক পরাজয়
ফরেন পলিসি লিখেছে, জেনজি নেতৃত্বাধীন ককরোচ আন্দোলন শুধু একটি অনিয়মের প্রতিবাদ নয়; এটি মোদি সরকারের বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে বিজেপির প্রচারযন্ত্র ও মোদির ‘অজেয়’ ভাবমূর্তি তরুণ প্রজন্মের সামনে দুর্বল হয়ে পড়েছে।
পরিস্থিতি বিশ্লেষণে জানা যায়, ভারতের এখন ২৫ বছরের নিচের প্রায় ৪০ শতাংশ স্নাতক বেকার। আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের কর্মসংস্থানবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ১৫ থেকে ২৫ বছর বয়সী শ্রমশক্তিতে থাকা স্নাতকদের মধ্যে বেকারত্বের হার প্রায় ৪০ শতাংশ।
এই বাস্তবতা জাত, শ্রেণি, অঞ্চল ও ধর্মের বিভাজন অতিক্রম করে একটি সাধারণ অসন্তোষ তৈরি করেছে। যা ধর্ম ও জাতীয়তাবাদের রাজনীতির চেয়ে অর্থনৈতিক ব্যর্থতাকেই কেন্দ্রে আনছে।
বিশ্লেষণে বলা হচ্ছে, মোদি দীর্ঘদিন নিজেকে সব সাফল্যের একক কারিগর হিসেবে উপস্থাপন করেছেন। কিন্তু এখন তরুণদের ক্ষোভ বাজার বা প্রতিষ্ঠানের বদলে সরাসরি মোদির দিকেই ঘুরে যাচ্ছে। প্রতিবাদের কটূক্তি ও উপহাস তার গড়ে তোলা কর্তৃত্বের আবরণ ভাঙছে।
ফরেন পলিসি সতর্ক করেছে, মোদির উচিত জনমতের বার্তা গ্রহণ করা। নইলে ভারতে হয় গণতন্ত্রের পুনরুজ্জীবন ঘটবে, নয়তো আরও গভীর ডিজিটাল-স্বৈরতান্ত্রিক পথে যেতে পারে।
গণমাধ্যমটির বক্তব্য, বেকারত্ব, মূল্যস্ফীতি, তরুণদের ক্ষোভ, প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা হ্রাস ও জোটের অস্থিরতা একসঙ্গে চাপ তৈরি করছে। ২০২৯ সালের লোকসভা নির্বাচন মোদির জন্য কঠিনতর হতে পারে।
মোদি থেকে মুখ ফিরিয়েছে জরিপ
সি-ভোটারের মুড অব দ্য নেশন জরিপে ৪৭ শতাংশ মানুষ মনে করেন , ভারতের গণতন্ত্র হুমকির মুখে আছে। আগের জরিপে এই সংখ্যা ছিল বিপরীত। জরিপে বেকারত্ব, মূল্যস্ফীতি ও জেনজির অসন্তোষকে ’পলিক্রাইসি’ বলা হয়েছে।
জরিপে বলা হচ্ছে, এখনই নির্বাচন হলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ১১ আসন কম পাবে। জানুয়ারির জরিপের তুলনায় বিজেপির সম্ভাব্য আসন ২৬টি কমেছে। তবু বিজেপি জোট এনডিএ’র (ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স) এখনও স্থিতিশীল।
মোদির জনপ্রিয়তা ৪৯ শতাংশে নেমেছে। আর মোদির ‘চমৎকার’ কাজকর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া মানুষের সংখ্যা ৩৫.৬ শতাংশ থেকে ৩০.১ শতাংশে নেমেছে। ৫৬ শতাংশ মনে করেন, অর্থনৈতিক নীতিগুলো বড় ব্যবসার স্বার্থে কাজ করছে। বেকারত্বকে দেশের সবচেয়ে বড় সমস্যা এবং দাম বৃদ্ধিকে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা বলে দেখা হচ্ছে।
জরিপের চিত্র, ভারতের ৮০ শতাংশের বেশি মানুষ ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। ৭০ শতাংশ বেকারত্বকে গুরুতর বলছে এবং ৬৭ শতাংশ মনে করে সরকারি নিয়োগ পরীক্ষা ন্যায্যভাবে হয় না। জরিপে সংকট সামলানোর জন্য ৫৩ শতাংশ সরকারের কাজকে দুর্বল বা খুব দুর্বল বলা হয়েছে। ৬৭ শতাংশ যুবক যন্তর মন্তরের বিক্ষোভের প্রতি সহানুভূতিশীল।
সবচেয়ে বেশি চাপে মোদি ফর্মুলা
দ্য প্রিন্ট বলছে, মোদির তৃতীয় মেয়াদের তৃতীয় বছরে ‘মোদি ফর্মুলা’ সবচেয়ে বেশি চাপের মুখে আছে। মোদির কঠোর হিন্দুত্বভিত্তিক জাতীয়তাবাদ, দক্ষ কল্যাণ বিতরণ, দৃশ্যমান অবকাঠামো নির্মাণ এবং দুর্নীতিহীন ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে।
বিশ্লেষক শেখর গুপ্ত মনে করেন, মোদির বড় ঝুঁকিগুলো হলো- নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ক্ষয়, বিচারব্যবস্থা নিয়ে সন্দেহ, জিডিপি পরিসংখ্যান নিয়ে বিতর্ক, মূল্যস্ফীতি ও রুপির চাপ, শেয়ারবাজারে মূল্যহ্রাস, মন্ত্রিসভা পুনর্গঠনে দ্বিধা, এবং জোটসঙ্গীদের মুখোমুখি সমালোচনা।
এর সঙ্গে ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়ার অস্থিরতা, জ্বালানি বাজার ও ট্রাম্প সরকারের চাপ বাহ্যিক সংকট আরও বাড়িয়েছে।
বিরোধী শিবিরের পুনরুত্থানে পরীক্ষায় এনডিএ
বিবিসি ও রয়টার্স বলছে, সিজেপি সরাসরি কোনো রাজনৈতিক দল না হলেও বিরোধী দলগুলোর জন্য অক্সিজেনের কাজ করছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইতোমধ্যেই তরুণদের দাবির সমর্থনে মাঠে নেমেছেন। মোদির 'শক্তিশালী ও একচ্ছত্র নেতা' ইমেজের বিপরীতে নিজেকে গণতান্ত্রিক প্রতিরোধের নতুন মুখ হিসেবে তুলে ধরার পথ খুঁজে পেয়েছেন তিনি।
ভারতে জেনজি আন্দোলনের প্রথম প্রকৃত রাজনৈতিক পরীক্ষা হতে যাচ্ছে উত্তরপ্রদেশের আসন্ন রাজ্য নির্বাচন। বিবিসি লিখেছে, রাজপথের অসন্তোষ যদি ভোটের ব্যালট বাক্সে প্রতিফলিত হয়, তবে তা বেশ কয়েকটি রাজ্যে একক ক্ষমতা টিকিয়ে রাখার ক্ষেত্রে বড় ধাক্কা খাবে বিজেপি।
সূত্র: বিবিসি, রয়টার্স, এএফপি, ফরেন পলিসি, দ্য প্রিন্ট