সৌদি আরবগামী ফ্লাইটে বিঘ্নের কারণে ২২ হাজারের বেশি যাত্রীর ভোগান্তির মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় প্রবেশে বাধার মুখে পড়েছেন সাংবাদিকরা। এর আগেও বলাকায় প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকরা অলিখিত নিষেধাজ্ঞার মধ্যে পড়েছিলেন।
ফ্লাইট পরিস্থিতি ও যাত্রীদের দুর্ভোগ নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানতে রোববার (২৫ অক্টোবর) সেখানে গেলে নিরাপত্তাকর্মীরা তাদের প্রধান ফটক থেকেই ফিরিয়ে দেন। এ সময় জানানো হয়, ব্যবস্থাপনা পরিচালকের অনুমতি ছাড়া কোনো সাংবাদিককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না।
সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা)।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত কার্যক্রমের কারণে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিতসহ বিভিন্ন এয়ারলাইন্সের সরাসরি ও ট্রানজিট ফ্লাইটে বিঘ্ন ঘটছে। ফ্লাইটের সর্বশেষ তথ্য ও সমাধানের আশায় প্রতিদিন বলাকার সামনে ভিড় করছেন যাত্রীরা। তবে এ পরিস্থিতিতে কর্তৃপক্ষের বক্তব্য জানতে গিয়ে বাধার মুখে পড়েছেন সাংবাদিকরা।
প্রাপ্ত হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৪৪টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২২ হাজার ২১ জন যাত্রী। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৬৭টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি। সরাসরি ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রয়েছে ২৮টি।
এভিয়েশন বিটের সাংবাদিকদের অভিযোগ, গত ২০ দিন ধরে সৌদিগামী ফ্লাইটের সংকট ও যাত্রীভোগান্তি নিয়ে বিমান কর্তৃপক্ষের সাক্ষাৎকার চেয়েও তারা পাননি। দায়িত্ব নেওয়ার পর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদের কাছে এ বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য চাওয়া হলেও তিনি সাক্ষাৎকার দিতে আগ্রহ দেখাননি বলে অভিযোগ তাদের।
রোববার বলাকায় প্রবেশে বাধার মুখে পড়া সাংবাদিকদের মধ্যে ছিলেন বৈশাখী টেলিভিশনের প্রতিবেদক পার্থ রহমান ও একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক রাশেদ আনিস।
সংশ্লিষ্ট সাংবাদিকরা জানান, সৌদি আরবগামী ফ্লাইটের পরিস্থিতি এবং যাত্রীদের ভোগান্তি নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানতে তাঁরা বিমান কার্যালয়ে গিয়েছিলেন। তবে প্রধান ফটকেই তাদের আটকে দেওয়া হয়।
সাংবাদিকদের প্রবেশের বিষয়ে বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ব্যবস্থাপনা পরিচালকের অনুমতি ছাড়া কোনো সাংবাদিককে প্রধান কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না।
এভিয়েশন বিটের সাংবাদিকদের অভিযোগ, যাত্রীদের ভোগান্তির মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়ায় ফ্লাইট পরিস্থিতির প্রকৃত চিত্র তুলে ধরার কাজ ব্যাহত হচ্ছে। তাদের মতে, এমন পরিস্থিতিতে যাত্রীদের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে বিমান কর্তৃপক্ষের স্বচ্ছ যোগাযোগ ও দায়িত্বশীল ভূমিকা জরুরি।