ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট লুলা দা সিলভা

আন্তর্জাতিক ডেস্ক
৪ ঘন্টা আগে
ব্রাজিলে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট লুলা দা সিলভা
সব জল্পনা-কল্পনা ও জরিপের পূর্বাভাস ভুল প্রমাণ করে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে নাটকীয় জয় পেয়েছেন লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। কট্টর ডানপন্থি প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে চতুর্থবারের মতো দেশটির ক্ষমতা বসছেন ৮০ বছর বয়সী এই বামপন্থি নেতা। 

এই ঐতিহাসিক জয়ের ফলে লাতিন আমেরিকাজুড়ে ডানপন্থিদের নির্বাচনি জয়ের যে জোয়ার চলছিল, তা বড় ধাক্কা খেল।    

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (২৬ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে ব্রাজিলের নির্বাচন কমিশন জানায়, ৯৯ শতাংশ ব্যালট গণনা শেষে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট।

গত ৪ অক্টোবর ব্রাজিলে প্রথম দফার ভোট গ্রহণ করা হয়। তবে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায় (রানঅফ)। নিয়ম অনুযায়ী, প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী রবিবার (২৫ অক্টোবর) রানঅফে প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রথম দফার ভোটে ফ্লাভিও বলসোনারো এগিয়ে থাকলেও দ্বিতীয় দফায় জয় ছিনিয়ে নেন লুলা।১৯৮৮ সালের পর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে এবারই প্রথম এমন ঘটনা ঘটল, যেখানে প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী দ্বিতীয় দফায় হেরে গেলেন।

রবিবারের রানঅফে প্রায় ৪৩ লাখ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেন লুলা। বিশ্লেষকদের মতে, প্রথম ধাপে পিছিয়ে পড়ার তিন সপ্তাহের ব্যবধানে এই ঘুরে দাঁড়ানো ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। 

পরাজিত প্রার্থী ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ও সিনেটর। এর আগের নির্বাচনে জাইর বলসোনারোকে হারিয়েই ক্ষমতায় ফিরেছিলেন লুলা। পরবর্তীতে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টার অভিযোগ ওঠায় আইনি জটিলতার কারণে তিনি এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি। তার পরিবর্তে ছেলে ফ্লাভিও বলসোনারো কট্টর ডানপন্থি শিবিরের নেতৃত্ব দেন।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে বর্তমান ক্ষমতাসীনদের বিরুদ্ধে থাকা জনরোষ এবং অতীতের সব দৃষ্টান্তকে পেছনে ফেলে লুলার এই জয় ব্রাজিলের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করল।

তথ্যসূত্র: আল-জাজিরা


কমেন্ট বক্স