নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতের কবলে পড়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি। রোববার দিবাগত রাতে কুমিল্লা থেকে বাড়ি ফেরার পথে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাঁর কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি বলে ফেসবুক লাইভে জানিয়েছেন তিনি।
জানা গেছে, ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে পাকুন্ডা এলাকায় ডাকাতদের মুখোমুখি হন রফিকুল ইসলাম মাদানি। এ সময় তিনি ফেসবুক লাইভে এসে তাঁকে রক্ষা করার আকুতি জানান।
লাইভে মাদানি জানান, সড়কের ওপর বড় বড় পাথর ফেলে যানবাহনের গতি থামিয়ে ডাকাতি করা হচ্ছিল। ডাকাতদের হাতে রামদা ছিল বলেও উল্লেখ করেন তিনি। তাঁর গাড়িটি কিছুটা দূরে থাকায় এবং চালক দ্রুত গাড়ি ঘুরিয়ে নেওয়ায় তাঁরা রক্ষা পান।
মাদানি আরও জানান, একই সময় ডাকাতরা অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ ব্যবস্থা নিতে তৎপর রয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
ওসি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
কমেন্ট বক্স