ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরের পর থেকে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলরত আন্তঃনগরসহ সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
এর আগে ঢাকা ও সিলেটের উদ্দেশে তিনটি ট্রেন চট্টগ্রাম ছেড়ে গিয়েছিল। কিন্তু রেললাইনে পানির কারণে সিলেটগামী ট্রেনটি ফেরত আনা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ফেনীতে রেললাইন ও রেলসেতুর ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। ফেনী স্টেশনে বন্যার পানি জমে রয়েছে। কুমিল্লা ও সিলেটে কয়েকটি স্থানে রেললাইনে পানি আছে। এই অবস্থায় ট্রেন চালানো সম্ভব নয়। তাই আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
কমেন্ট বক্স