পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে সরকার। প্রধানমন্ত্রী জাপান সফর শেষে দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে অন্য এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, একজন মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ অন্যায়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবশ্যই এর পরিণতি ভোগ করতে হবে।
তিনি আরও বলেন, কোনো মানুষের মৃত্যুর পর তাঁর মরদেহের সঙ্গে এ ধরনের আচরণ সাধারণ মানুষ কখনোই পছন্দ করে না। যারা এমন অপকর্ম করে, তারা সমাজে চূড়ান্তভাবে নিন্দিত হবে। তাদের এ কাজের পক্ষে কোনো সমর্থন পাওয়া যাবে না।