ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাগর-রুনি হত্যা: তদন্ত শেষ করতে ৬ মাস সময় পেলো টাস্কফোর্স

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
সাগর-রুনি হত্যা: তদন্ত শেষ করতে ৬ মাস সময় পেলো টাস্কফোর্স
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার অগ্রগতি ও নথিপত্র নিয়ে আগামী বছরের ২৯ এপ্রিল টাস্কফোর্সের প্রধান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর জোহাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত সময়ে চূড়ান্ত প্রতিবেদন দিতে না পেরে একটি অগ্রগতি প্রতিবেদন জমা দেয় উচ্চপর্যায়ের টাস্কফোর্স। একই সঙ্গে তদন্ত শেষ করতে এক বছর সময় চাওয়া হয়। শুনানি শেষে আদালত টাস্কফোর্সকে ছয় মাস সময় দেন।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসা থেকে জব্দ করা বিপুলসংখ্যক সিডি যাচাই-বাছাই করা হচ্ছে। এসব সিডি থেকে হত্যাকাণ্ডের সূত্র খোঁজার চেষ্টা চলছে। এ ছাড়া হত্যাকাণ্ডে জিয়াউল আহসান ও অভিনেত্রী রোকেয়া প্রাচী জড়িত বলে টাস্কফোর্সকে তথ্য দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

এদিকে, সাগর-রুনির পরিবারের আইনজীবী শিশির মনির আশা প্রকাশ করেছেন, সিডিগুলো যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যেই টাস্কফোর্স চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করবে। মামলার শুনানি দ্রুত শেষ হবে বলেও প্রত্যাশা করছে পরিবার।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক সাগর সরওয়ার ও তার স্ত্রী মেহেরুন রুনিকে হত্যা করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্যের সমাধান হয়নি। তদন্ত প্রতিবেদন দাখিলেও বারবার ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। উচ্চপর্যায়ের টাস্কফোর্সকেও এর আগে তিন দফায় ছয় মাস করে সময় দেওয়া হয়েছিল।


কমেন্ট বক্স