এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ফল প্রকাশের পূর্বনির্ধারিত তারিখ ছিল ২৯ অক্টোবর।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান কালবেলাকে বলেন, পরীক্ষার ফল প্রকাশের তারিখ পিছিয়েছে। ৩১ অক্টোবর সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এ বছর ২ জুলাই সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে আরও সময় লাগে।
এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।
উল্লেখ্য, এ বছর পরীক্ষার জন্য মোট কেন্দ্রের সংখ্যা দুই হাজার ৬৯৭টি এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।