ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর প্রাণ বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
স্বামীর প্রাণ বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
সংসার মানেই সুখ-দুঃখের অংশীদার হওয়া। বর্তমান সময়ে বিচ্ছেদের নানা খবরের ভিড়ে ভালোবাসার এক বিরল ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার হালিমা খাতুন। স্বামীর জীবন বাঁচাতে নিজের শরীর থেকে একটি কিডনি দান করে তিনি এখন এলাকাবাসী ও আত্মীয়স্বজনের মুখে প্রশংসিত হচ্ছেন।

কিডনি গ্রহীতা কবির মীর উপজেলার সাচড়া ইউনিয়নের বাথানবাড়ি গ্রামের দেলোয়ার মীরের বড় ছেলে। এই দম্পতির সংসারে দুটি অবুঝ শিশু সন্তান রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গত জুন মাসে হঠাৎ অসুস্থতা অনুভব করলে কবির মীরকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তাঁর দুটি কিডনিই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এই সংবাদে ভেঙে পড়েন কবির ও তাঁর পরিবার। চিকিৎসকরা জানান, দ্রুত একটি কিডনি প্রতিস্থাপন করা না হলে তাঁর জীবন রক্ষা করা সম্ভব নয়।

এরপর থেকেই শুরু হয় কিডনিদাতার সন্ধান। কিন্তু শত চেষ্টার পরও মিলছিল না কোনো কিডনিদাতা। চরম হতাশায় যখন কবিরের জীবন প্রদীপ নিভে যাওয়ার উপক্রম, ঠিক তখনই পরম ভালোবাসায় এগিয়ে আসেন তাঁর স্ত্রী হালিমা বেগম। তিনি ঘোষণা দেন স্বামীকে বাঁচাতে নিজের শরীর থেকেই কিডনি দেবেন তিনি।

কবির মীরের ছোট ভাই রিয়াজ মীর জানান, দীর্ঘ কয়েক মাস রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন কবির। অবশেষে সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বিশিষ্ট কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. কামরুল ইসলামের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচারের মাধ্যমে হালিমা বেগমের শরীর থেকে একটি কিডনি সফলভাবে কবির মীরের শরীরে প্রতিস্থাপন করা হয়। বর্তমানে স্বামী-স্ত্রী দুজনেই সুস্থ আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

দুঃসময়ের ঝড়ে অনেকেই যখন ছেড়ে যাওয়ার পথ বেছে নেন, ঠিক সেই যুগে স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর এই আত্মত্যাগ ও ভালোবাসার গল্প, মানবতা ও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।


কমেন্ট বক্স