ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের ইউক্রেন যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া: জাতিসংঘ

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
চাকরির প্রলোভনে বাংলাদেশিদের ইউক্রেন যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া: জাতিসংঘ
প্রলোভন ও প্রতারণার ফাঁদে ফেলে বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের বলপ্রয়োগের মাধ্যমে ইউক্রেন যুদ্ধে সেনা হিসেবে পাঠিয়েছে রাশিয়া। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে গঠিত জাতিসংঘের এক স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) জাতিসংঘের সাধারণ পরিষদের মানবাধিকার কমিটির কাছে পেশ করা উক্ত প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের তোয়াক্কা না করে ১৮ থেকে ৬০ বছর বয়সী বিদেশি নাগরিকদের রুশ সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করেছে মস্কো। মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, প্রান্তিক ও কম শিক্ষাগত যোগ্যতার সুযোগ নিয়ে দালালদের মাধ্যমে বিদেশি নাগরিকদের এই যুদ্ধে জড়িয়ে ফেলা হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিভিন্ন দেশে সক্রিয় আন্তর্জাতিক ট্রাভেল এজেন্সি ও স্থানীয় দালাল চক্রের মাধ্যমে ভুক্তভোগীদের প্রথমে রাশিয়ায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পরই রুশ ভাষায় প্রস্তুত করা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চুক্তিপত্রে জোরজবরদস্তি করে সই করিয়ে নেওয়া হয়। চুক্তির ভাষা না বোঝায় ভুক্তভোগীরা বিষয়টি বুঝতে পারেননি। পরবর্তীতে যখন তারা জানতে পারেন যে তাদের সরাসরি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে, ততক্ষণে তাদের আর ফিরে আসার পথ ছিল না।

জাতিসংঘের কমিশনটি বিশ্বের ৪৮টি দেশের ওপর তথ্য অনুসন্ধান চালিয়ে বাংলাদেশসহ অন্তত ২৯টি দেশের নাগরিকদের ক্ষেত্রে এই প্রতারণামূলক সেনা নিয়োগের সুনির্দিষ্ট ও প্রত্যক্ষ প্রমাণ পেয়েছে। তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে— ভারত, শ্রীলঙ্কা, বেলারুশ, আজারবাইজান, ব্রাজিল, কলম্বিয়া, ঘানা, কেনিয়া, মরক্কো, নাইজেরিয়া, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও ইয়েমেনের মতো দেশগুলো।

তবে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার কূটনৈতিক মিশন এই প্রতিবেদনকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। মস্কোর দাবি, তদন্ত কমিশনের এই প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।


কমেন্ট বক্স