ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে টানা চারবার কমার পর এবার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বেড়েছে।

দাম বাড়ানোর পর ভ্যাটসহ ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। মঙ্গলবার প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়।

বুধবার (২৮ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুস জানায়, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে। স্থানীয় বাজারের আগে দাম বেড়েছে বৈশ্বিক বাজারে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে আজ সকালে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৪১ ডলার।

নতুন দাম অনুযায়ী ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৩ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

এদিকে, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা। 


কমেন্ট বক্স