ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মস্থলে যাওয়ার পথে ঝরে গেল বাবা ও ছেলের প্রাণ

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
কর্মস্থলে যাওয়ার পথে ঝরে গেল বাবা ও ছেলের প্রাণ
রাজধানীর কাঁচপুরে মহাসড়ক পারাপারের জন্য পরিবার নিয়ে অপেক্ষা করছিলেন শফিকুল ইসলাম (৩৫)। তার কোলে ছিল চার বছর বয়সী শিশুসন্তান বিপুল সরকার। এ সময় সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে সোমা পরিবহন নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা ও ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হন তাদের সঙ্গে থাকা শফিকুলের স্ত্রী, এক মেয়ে ও ছেলে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার কেওডালা বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকার কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া। 

নিহত শফিকুল ইসলাম (৩৫) গাইবান্ধা সদর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের কাটিহারা মধ্যপাড়া গ্রামের সিরাজুল সরদারের  ছেলে।

ঘাগোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আফিলউদ্দিন মন্ডল জানান, শফিকুল মিয়া তার দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে সঙ্গে নিয়ে মদনপুরের একটি ইটভাটায় কাজে যাওয়ার জন্য গতকাল রাতেই গাইবান্ধা থেকে রওনা হন। আজ ভোরে ঢাকার কাঁচপুর এলাকায় মহাসড়ক পারাপার হওয়ার জন্য রাস্তার পাশে ছেলেকে কোলে নিয়ে পরিবারসহ তিনি অপেক্ষা করছিলেন। এ সময় একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে সোমা পরিবহন নামে একটি বাসের সংঘর্ষ হয়। এসময় তারা দুর্ঘটনার শিকার হন। এতে শফিকুল মিয়া ও তার কোলে থাকা চার বছরের ছেলে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তার এক মেয়ে, এক ছেলে ও স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। 

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি গাইবান্ধায়। এসময় বাবা শফিকুলের সঙ্গে থাকা তার স্ত্রী ও ছেলে-মেয়েকে আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

তিনি আরও বলেন, এ ঘটনায় সিমেন্ট বোঝাই ট্রাকটি পালিয়ে গেলেও  সোমা পরিবহনের বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  


কমেন্ট বক্স