চার দিনের জাপান সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ভিভিআইপি ফ্লাইটটি টোকিওর হানেদা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। ফ্লাইটটি রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
চার দিনের এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে দুই দেশের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়।
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
সফরে জাপানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি কৃষি, অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও শিল্প খাতে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।
সফরকালে জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া টোকিওতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে অংশ নিয়ে দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরেন তিনি।
সফরের শেষ পর্যায়ে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী।