গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এফিডেভিড করে মাকে মৃত দেখায়ে ৪০ হাজার টাকায় বাবার বিক্রি করা ১৪ মাস বয়সী এক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) রাতে পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব খামার দশলিয়া গ্রামের জনৈক রুহুল আমিনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুটির নাম আদিবা খাতুন। শিশুটির মা খালেদা বেগম। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।
এ কারণে তাকে সুন্দরগঞ্জে খালার বাড়িতে রেখে গিয়েছিলেন।
পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, শিশুটির বাবা আজাহার আলী। তিনি জুয়া ও মাদকে আসক্ত। মায়ের অনুপস্থিতির সুযোগে গত ১ অক্টোবর বিস্কুট কিনে দেওয়ার কথা বলে তিনি খালার কাছ থেকে শিশু আদিবাকে নিয়ে যান। এরপর আর ফেরত নিয়ে আসেননি। পরে ২৭ অক্টোবর শিশুটির মা শিশুটিকে উদ্ধারের জন্য আইনগত সহায়তা চেয়ে সুন্দরগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। পরদিন বুধবার সাদুল্লাপুর থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে।
সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুল ইসলাম জানান, সুন্দরগঞ্জ থানার একটি অভিযোগের ভিত্তিতে বুধবার শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় শিশুটিকে যারা কিনে নিয়েছিলে তারা উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয় নাই।
ওসি উল্লেখ করেন, শিশুটিকে তার মায়ের নিকট হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আজাহার আলী জুয়া ও মাদকের টাকা জোগার করতে শিশুটিকে বিক্রি করেছিল। এজন্য নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে শিশুটির মা খালেদা বেগমকে মৃত দেখান।