মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাবা-মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, বুধবার বিকেলে সিরাজদিখানের রামকৃষ্ণদী এলাকায় বাবা মেয়েকে কুপিয়ে জখম করে পরিত্যক্ত স্থানে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনার পর আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা পরিত্যক্ত স্থানে শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকস ইটভাটার কাছে পরিত্যক্ত জমি থেকে ছয় বছরের শিশু তওবার মরদেহ উদ্ধার করে। এ সময় বাবা শিশুটির বাবা গোলাপ হোসেন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মারা যান তিনিও।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা গোলাপ হোসেনের বাড়ি উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে একই ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন। তাঁর বাবা জয়নাল মিয়া গত পাঁচ বছর ধরে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কাজ করছেন।
গতকাল বুধবার বিকেলে ছয় বছরের কন্যা শিশুকে নিয়ে ওই ইটভাটায় বাবার সঙ্গে দেখা করতে যান গোলাপ হোসেন। এরপর ফেরার পথে বাবা ও মেয়ের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এসময় কন্যা শিশু ও তার বাবাকে কুপিয়ে জখম করা হয়। পরে বাবা গোলাপ হোসেনকে প্রথমে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি বলেন, কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।