আর্মেনিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের আইনপ্রণেতাদের মধ্যে বিতর্কের জেরে তুমুল হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অধিবেশন চলাকালে শুরু হওয়া সংঘর্ষ সংসদকক্ষ ছাড়িয়ে করিডোরেও ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন আইনপ্রণেতা আহত হন।
আর্মেনিয়ার সংবাদ সংস্থা আর্মেনপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দেশটির অডিট চেম্বারের একজন সদস্য নিয়োগ নিয়ে আলোচনার সময় ঘটনার সূত্রপাত হয়। আলোচনার একপর্যায়ে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টির আইনপ্রণেতা তারন চাখোয়ান বিরোধী নেতা নারেক কারাপেতিয়ানের এক আত্মীয়ের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ তোলেন। এ নিয়ে কারাপেতিয়ান প্রতিক্রিয়া জানাতে বক্তৃতামঞ্চের দিকে এগিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের সদস্যরা পরস্পরকে ঘুষি ও লাথি মারতে শুরু করেন।
পার্লামেন্টের সরাসরি সম্প্রচারিত ভিডিওতে ডেপুটি স্পিকার ভাহাগন আলেক্সানিয়ানকে বিরোধী আইনপ্রণেতাদের দিকে একটি চেয়ার ছুড়ে মারতেও দেখা যায়।
স্পিকার রুবেন রুবিনিয়ান সংঘর্ষের জন্য কারাপেতিয়ানকে দায়ী করেছেন। তার অভিযোগ, কারাপেতিয়ান প্রথমে আপত্তিকর মন্তব্য করেন এবং পরে চাখোয়ানকে আঘাত করার চেষ্টা করেন। সংঘর্ষের পর সংসদ ভবনে অ্যাম্বুলেন্স পৌঁছায়। সংবাদ সংস্থা ইউএনএন জানিয়েছে, বিরোধী দলের আইনপ্রণেতা আন্দ্রানিক গেভোরগিয়ানের নাক দিয়ে রক্ত ঝরছিল এবং আরেক সদস্য রুবেন মখিতারিয়ানের পোশাক ছিঁড়ে যায়।
উল্লেখ্য, এর আগেও অক্টোবরের শুরুতে আর্মেনিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল।