ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানে যান্ত্রিক ত্রুটি: সফরসঙ্গীদের রেখে ফিরতে চাননি প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
বিমানে যান্ত্রিক ত্রুটি: সফরসঙ্গীদের রেখে ফিরতে চাননি প্রধানমন্ত্রী
জাপান থেকে দেশে ফেরার পথে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যাত্রায় বিলম্ব হলেও সফরসঙ্গীদের রেখে দেশে ফিরতে রাজি হননি প্রধানমন্ত্রী তারেক রহমান। চাইলে বিকল্প বিমানে দেশে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের সবাইকে সঙ্গে নিয়েই দেশে ফিরেছেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জাপান থেকে ফেরার আগে বিমান পর্যবেক্ষণের সময় সামান্য যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

তবে এটি বড় কোনো সমস্যা ছিল না। পরে সফটওয়্যারের মাধ্যমে দ্রুত ত্রুটির সমাধান করা হয়।

আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী চাইলে অন্য বিমানে দেশে ফিরতে পারতেন। কিন্তু সফরসঙ্গীদের সেখানে রেখে তিনি ফিরতে চাননি।
আরও পড়ুন: নয়াদিল্লিজুড়ে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা, ১২ বন্দিশালা
এ সময় তিনি বিমানের অন্য যাত্রীদের কাছে গিয়ে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন। শেষ পর্যন্ত সবাইকে সঙ্গে নিয়েই দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

তিনি আরও জানান, এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন। পাশাপাশি শিশুদের খোঁজখবর নেন, যাতে তারা আতঙ্কিত না হয় এবং স্বাভাবিকভাবে দেশে ফিরতে পারে।

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় ফ্লাইটটি।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশটি সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন তিনি। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।


কমেন্ট বক্স