ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশভ্যান রেখে যুবলীগের মিছিল: ক্লোজড হলেন এএসআইসহ ৪ সদস্য

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
পুলিশভ্যান রেখে যুবলীগের মিছিল: ক্লোজড হলেন এএসআইসহ ৪ সদস্য
যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় মহাসড়কে পুলিশভ্যানের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এ ঘটনায় সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানার এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) চার পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এ তথ্য নিশ্চিত করে বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের মিছিলের সময় পাশেই পুলিশ পিকআপ ছিল। এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের অবহেলা রয়েছে কিনা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে পিকআপে থাকা চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন- যমুনা সেতু পশ্চিম থানার এএসআই আরিফুল ইসলাম আরিফ, গাড়িচালক কনস্টেবল আব্দুল গফুর, কনস্টেবল নাসিমুজ্জামান ও মোরশেদুল ইসলাম।

এর আগে বুধবার ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক এলাকায় মিছিল করেন যুবলীগ নেতাকর্মীরা। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মিছিল যাওয়ার সময় পাশের লেন দিয়ে বিপরীত দিকে পুলিশের পিকআপ যাচ্ছে। মিছিলকারীরা উত্তেজিত হয়ে এগিয়ে গিয়ে পুলিশ সদস্যদের পিকআপ থেকে না নামার জন্য হমকি দিচ্ছেন। তখন পুলিশ সদস্যরা নীরবে স্থান ত্যাগ করেন।

এদিকে মিছিলের পর বুধবার রাতে সিরাজগঞ্জ ও কামারখন্দ থানা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও দত্তবাড়ি মহল্লার লিটন শেখ (৪৫), একই মহল্লার ছাত্রলীগের কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮), চক কোবদাসপাড়া এলাকার যুবলীগের কর্মী চান শেখ (৪৫) ও সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি কোরবান আলী (৩৩)।


কমেন্ট বক্স