ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উপনির্বাচনে জিতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
উপনির্বাচনে জিতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিল ভোটের মাঠে। তবে ফল ঘোষণার পর সৌজন্য ও সম্প্রীতির বার্তা নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় গেলেন নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। সঙ্গে নিয়ে গেলেন ফুলের তোড়া ও মিষ্টি। সেখানে জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থী দেলাওয়ার হোসেনের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। একে অপরকে মিষ্টিমুখও করান। এ সময় আগামী দিনে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মির্জা ফয়সল।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ফল ঘোষণার পরদিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় যান বিএনপির এই নেতা। এ সময় তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার পর এমন সৌজন্য সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

সাক্ষাৎকালে মির্জা ফয়সল আমীন দেলাওয়ার হোসেনকে সঙ্গে নিয়ে আগামীর ঠাকুরগাঁও গড়ার আহ্বান জানান। অন্যদিকে জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন জামায়াতের এই নেতা। পরে তারা পরস্পরকে মিষ্টিমুখ করান।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফয়সল আমীন। তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৩৩৬।

নির্বাচনকে ঘিরে কয়েক সপ্তাহ ধরে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গন ছিল সরগরম। প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ, ভোটারদের কাছে যাওয়া এবং নানা রাজনৈতিক বক্তব্যে মুখর ছিল নির্বাচনী এলাকা। ভোটের মাঠে দুই প্রার্থীর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফল ঘোষণার পরদিনই প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল ও মিষ্টি নিয়ে গিয়ে সৌজন্যের নজির স্থাপন করলেন বিজয়ী প্রার্থী।


কমেন্ট বক্স