ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে ৫০ হাজার কোটি ডলার বাজারমূল্য হারাল গুগল

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
একদিনে ৫০ হাজার কোটি ডলার বাজারমূল্য হারাল গুগল
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগ এবং বিজ্ঞাপন আয় কমে যাওয়ার আশঙ্কায় বড় ধাক্কা খেয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। মাত্র একদিনেই প্রতিষ্ঠানটির মূল কোম্পানি অ্যালফাবেটের বাজারমূল্য কমেছে ৫০ হাজার কোটি মার্কিন ডলারের বেশি। একই সঙ্গে ছয় মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে গুগলের শেয়ারদর।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বছরের শেষ প্রান্তিকের ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের হালনাগাদ তথ্য দেওয়ার পর ওয়াল স্ট্রিটে অ্যালফাবেটের শেয়ারে বড় পতন দেখা যায়। দিনশেষে প্রতিষ্ঠানটির শেয়ারদর প্রায় ১৩ শতাংশ কমে যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গুগল সার্চে এআই দিয়ে তৈরি সারসংক্ষেপ দেখানোর কারণে বিজ্ঞাপন ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে। মূলত এ তথ্য প্রকাশের পরই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

অ্যালফাবেটের সর্বশেষ প্রান্তিকের হিসাবে মোট আয় আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৬০ কোটি ডলারে। বিশেষ করে গুগল ক্লাউডের আয় ১০৩ শতাংশ বেড়ে প্রায় ৩ হাজার ১০০ কোটি ডলারে পৌঁছেছে।

তবে আয় বাড়লেও প্রতিষ্ঠানটির মুনাফা কমেছে ২৫ শতাংশ। একই সঙ্গে বিনিয়োগ ও পরিচালন ব্যয় মেটানোর পর নগদ অর্থের প্রবাহ বা ফ্রি ক্যাশ ফ্লো ৯০০ কোটি ডলারের বেশি ঋণাত্মক হয়েছে।

এই বিপুল ব্যয়ের বড় অংশই যাচ্ছে এআই প্রযুক্তির উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে। বুধবার অ্যালফাবেটের বাজারমূল্য ছিল ৩ লাখ ৯৭ হাজার কোটি ডলার। একদিনের মাথায় বৃহস্পতিবার তা নেমে আসে প্রায় ৩ লাখ ৪৬ হাজার কোটি ডলারে।


কমেন্ট বক্স