ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দীপের দেওয়া বক্তব্যে আশ্বস্ত হতে পারছে না পিবিআই

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
দীপের দেওয়া বক্তব্যে আশ্বস্ত হতে পারছে না পিবিআই
তুরাগ নদে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় নতুন তথ্য দিয়েছেন তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ। তাঁর দাবি, গত ২৭ অক্টোবর রাতে টঙ্গীর মাজার বস্তি এলাকায় কয়েকজন ইউনিফর্ম পরা লোক ধাওয়া করলে তাহসিফ নদে ঝাঁপ দেন। তবে দীপের বক্তব্যে এখনো পুরোপুরি আশ্বস্ত নয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (৩০ অক্টোবর) দীপকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পিবিআই কর্মকর্তারা। এ সময় তিনি জানান, ধাওয়াকারীদের দেখে তাহসিফ দৌড় দেন। আর তিনি বিআইডব্লিউটিএর ২৯ নম্বর সীমানা পিলারের পেছনে লুকিয়ে পরে হেঁটে সেখান থেকে চলে যান। রাত আড়াইটার দিকে বাসায় ফেরেন তিনি।

পিবিআই মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান বলেন, দীপের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। তাহসিফকে হত্যা করা হয়েছে, নাকি এটি দুর্ঘটনা কিংবা আত্মহত্যা—সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

এদিকে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই। সংস্থাটির পুলিশ সুপার আবু ইউসুফ জানান, নদ থেকে প্রায় ৫০ গজ দূরে মোটরসাইকেলটি পাওয়া গেছে। এটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে। সিসিটিভি ফুটেজেও তাঁকে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হতে দেখা গেছে।

তবে ছেলের নদে ঝাঁপ দেওয়ার দাবির সঙ্গে দ্বিমত জানিয়েছেন তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম। তাঁর দাবি, ছেলে সাঁতার জানতেন এবং প্রশিক্ষণের সনদও ছিল। তিনি বলেন, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে বলে তাঁর মনে হচ্ছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটে মাকে ভয়েস মেসেজ পাঠিয়ে বাসায় ফেরার কথা জানালেও আর ফেরেননি। পরদিন বুধবার বিকেলে উত্তরখানের রাজবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই।


কমেন্ট বক্স