ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে চিঠি দিচ্ছে জেলা বিএনপি

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে চিঠি দিচ্ছে জেলা বিএনপি
নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে জেলা বিএনপি। তার ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং এমপি আজিজের একটি অশালীন ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় দল বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। এ অবস্থায় তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আয়োজিত জেলা বিএনপির প্রস্তুতি সভায় এ তথ্য জানান সংগঠনটির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ। 

তিনি বলেন, এমপি আব্দুল আজিজ নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। দলের গঠনতন্ত্র অনুযায়ী, জেলা বিএনপির কোনো নেতার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জেলা কমিটির নেই। তাই তার বিষয়ে যাবতীয় অভিযোগ ও বিষয়গুলো লিখিতভাবে কেন্দ্রীয় সংগঠনকে জানানো হবে। এ বিষয়ে কেন্দ্রীয় কমিটিই সিদ্ধান্ত নেবে।

এদিকে, শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার এমপিপুত্র নূরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড শেষে আরও সাত দিনের রিমান্ড চেয়েছে মামলার তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মেহেদী হাসানের আদালতে এ আবেদন করা হয়। শুনানি শেষে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, তদন্তে আরও অগ্রগতির জন্য গ্রেফতার নূরুজ্জামান মিন্টুকে অধিকতর জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে বিধি অনুযায়ী আদালতের কাছে আরও সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।  

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা একদল সশস্ত্র দুর্বৃত্তের হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। হামলাকারীরা তাকে কুপিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) ভর্তি করা হয়। এ ঘটনায় ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল ইসলাম থানায় মামলা করেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শাকিল মারা যান।  


কমেন্ট বক্স