ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান, বিতরণ স্থগিত

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান, বিতরণ স্থগিত
ভারত থেকে আমদানি করা চালের নমুনায় ক্যানসার সৃষ্টিকারী বিষাক্ত উপাদান আফলাটক্সিনের উপস্থিতি পাওয়ার পর অবশিষ্ট ৯ হাজার ৫০০ টন চালের বিতরণ সাময়িকভাবে স্থগিত করেছে খাদ্য অধিদপ্তর। চট্টগ্রাম ও ঢাকার সরকারি খাদ্যগুদামে সংরক্ষিত চাল পরীক্ষা করে এ উপাদানের সন্ধান পাওয়া যায়। বিষয়টি আরও নিশ্চিত হতে এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এড়াতে পুরো চালান পুনরায় পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী শিরীন আক্তার জাহান জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে সঠিক পরিবেশে সংরক্ষণ না করা হলে চালে আফলাটক্সিন তৈরি হতে পারে। তবে পরীক্ষায় পাওয়া উপাদানের মাত্রা এখন পর্যন্ত সহনীয় সীমার মধ্যে রয়েছে বলে জানান তিনি। তার মতে, এই মাত্রা নির্ধারিত সীমা অতিক্রম করলে তা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

গত ১৭ আগস্ট ব্রির তিন সদস্যের একটি প্রতিনিধি দল চট্টগ্রামের হালিশহর ও দেওয়ানহাট সেন্ট্রাল স্টোরেজ ডিপোতে (সিএসডি) সংরক্ষিত চালের স্তূপ থেকে নমুনা সংগ্রহ করে। পরবর্তী পরীক্ষায় হালিশহর এবং ঢাকার একটি সরকারি গুদামের চালের নমুনায় আফলাটক্সিনের উপস্থিতি পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট চালের বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেয় খাদ্য অধিদপ্তর।

হালিশহর সিএসডির ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, খাদ্য বিভাগের কর্মকর্তারা চালের সংশ্লিষ্ট লট দুই দফায় পরীক্ষা করেছেন। পাশাপাশি ডিপো কর্তৃপক্ষকে চাল বিতরণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরীক্ষার আনুষ্ঠানিক প্রতিবেদন এখনো ডিপোতে এসে পৌঁছায়নি। চট্টগ্রাম খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক রেজওয়ান সাকিবও বিতরণ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স