বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তাহসিফের আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আদালতে তোলা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে রাজধানীর উত্তরখান থানায় মামলাটি করেন।
এ ঘটনায় তাহসিফের আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেফতার দেখানো হয়েছে।
নিহত তাহসিফের বাবা সাংবাদিকদের জানান, ছেলের এমন মৃত্যু একেবারেই মেনে নিতে পারছেন না। রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল দিনভর ঘটনাস্থল পরিদর্শন শেষে মধ্যরাতে দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে পিবিআই।
টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা হয় তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলও। এ সময় দীপ জানান, ইউনিফর্ম পরিহিত দুই ব্যক্তির ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেন তাহসিফ।
২৮ অক্টোবর বিকেলে উত্তরখান থানাধীন তুরাগ নদীর রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। ২৭ অক্টোবর মধ্যরাত থেকে নিখোঁজ ছিলেন বিমানবাহিনীর সাবেক এই ফ্লাইট লেফটেন্যান্ট।