ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টিকটক কমেন্টের জেরে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
টিকটক কমেন্টের জেরে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া
টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে স্থানীয় একটি বাজারের বেশ কয়েকটি  দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সোহাগপুর গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি সমাধানে শনিবার সকালে আশুগঞ্জ বাজারে জারু মিয়ার গদিতে স্থানীয় নেতাদের উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তির জন্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিরোধের মীমাংসা হলেও বৈঠক শেষে পুলিশ চলে যাওয়ার পর দুপুরে আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

আশুগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, এর আগে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেটি সমাধানে শুক্রবার সকালে পুলিশের উপস্থিতিতে আশুগঞ্জ বাজারে সালিশ বৈঠক হয় এবং বিষয়টি মীমাংসা করা হয়। পরে সালিশ শেষে পুলিশ চলে গেলে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের  নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অন্তত ২০/২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


কমেন্ট বক্স