ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকার ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকার ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস
রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে আজ রোববার থেকে ছয়টি রুটে চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস চলাচল। ২০১৫ সালে বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগ নেওয়ার ১১ বছর পর বড় পরিসরে এ পদ্ধতি চালু হচ্ছে।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, আজ বেলা ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে ছয়টি রুটে বাস চলবে। রুটগুলো হলো—গাজীপুরের শিববাড়ী থেকে আজিমপুর, মিরপুর থেকে কেরানীগঞ্জ, ঘাটারচর থেকে ডেমরা, ঘাটারচর থেকে কাঁচপুর, ঘাটারচর থেকে ধউর এবং টঙ্গী থেকে আজিমপুর।

গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ছয় মাসের মধ্যে বাস রুট রেশনালাইজেশন সম্পন্ন করার নির্দেশ দেন। পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর বিদ্যমান ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টিতে নামিয়ে আনা হবে। প্রতিটি রুটে একটি কোম্পানির বাস চলবে।

এ পদ্ধতিতে একই রুটে চলাচলকারী বিভিন্ন কোম্পানিকে একীভূত করে একটি কোম্পানি গঠন করা হবে। বাস চলবে নির্ধারিত সময় ও স্টপেজ অনুযায়ী। চালক ও শ্রমিকেরা মাসিক বেতনে নিয়োগ পাবেন এবং বাসের মধ্যে যাত্রী ধরার প্রতিযোগিতা ও ওভারটেকিং বন্ধ থাকবে। বিনিয়োগের অনুপাতে বাসমালিকেরা মুনাফা পাবেন।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে ঘাটারচর থেকে সাইনবোর্ড পর্যন্ত পরীক্ষামূলকভাবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস চালু হয়েছিল। তবে একই রুটের অন্য কোম্পানিগুলোকে একীভূত করা সম্ভব না হওয়ায় উদ্যোগটি ব্যর্থ হয়। এবার প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ছয় মাসের মধ্যে ৩২টি রুটেই এ ব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


কমেন্ট বক্স