ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
৪ ঘন্টা আগে
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও প্রকট রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন।

রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য অনুযায়ী, নতুন ৮ জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৭ জনে। মাসভিত্তিক মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা যায়, কেবল বিদায়ী অক্টোবর মাসেই মারা গেছেন ১৭৪ জন, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ। এর আগে সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।

বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জনে। ভর্তি রোগীদের মধ্যে এরইমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে, ৮৩১ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৭ জন, খুলনা বিভাগে ২৫৯ জন, বরিশাল বিভাগে ২২৯ জন, রাজশাহী বিভাগে ১৮৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।





কমেন্ট বক্স