ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের দামে বড় লাফ

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
স্বর্ণের দামে বড় লাফ
টানা দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। সোমবার (২ নভেম্বর) প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১ শতাংশের কাছাকাছি বেড়েছে। জ্বালানি তেলের দাম কমে আসায় মূল্যস্ফীতির উদ্বেগ কিছুটা প্রশমিত হওয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে বিনিয়োগকারীদের নজর নতুন করে মূল্যবান ধাতুটির বাজারে প্রভাব ফেলেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯০২ ডলার ৩ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দর বেড়েছে ০ দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৯১১ ডলার ৫০ সেন্টে। 

এর আগে গত শুক্রবার (৩০ অক্টোবর) প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে বড় ধরনের দরপতনের পর বিনিয়োগকারীরা নগদ অর্থ সংগ্রহে স্বর্ণসহ বিভিন্ন সম্পদ বিক্রি করেন। এতে এক দিনেই স্বর্ণের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে যায়। ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে মূল্যবান ধাতুটির দর। 

রয়টার্সকে বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, তেলের দাম কমে আসায় মূল্যস্ফীতির চাপ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন প্রত্যাশাও কিছুটা দুর্বল হয়েছে। সাধারণত সুদের হার বেশি থাকলে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে যায়। এতে স্বর্ণের চাহিদা ও দামে চাপ তৈরি হয়। 

সোমবার তেলের দাম ৪ শতাংশের বেশি কমেছে। ইরান ও কাতারের কর্মকর্তাদের মধ্যে আলোচনায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের সম্ভাবনা তৈরি হওয়ায় জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কিছুটা কমেছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। 

তবে স্বর্ণের দাম বাড়লেও এই পুনরুদ্ধার দীর্ঘস্থায়ী নাও হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। প্রযুক্তি খাতের শেয়ারে অস্থিরতা অব্যাহত থাকলে বিনিয়োগকারীদের নগদ অর্থের প্রয়োজন বাড়তে পারে। এতে আবারও স্বর্ণ বিক্রির চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিনিয়োগকারীরা দেশটির অর্থনৈতিক নীতি, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং বাজারের সম্ভাব্য গতিপথ পর্যবেক্ষণ করছেন।

স্বর্ণের পাশাপাশি সোমবার রুপার দামও বেড়েছে। স্পট রুপার দাম ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫০ ডলার ৮ সেন্টে দাঁড়িয়েছে। তবে প্লাটিনামের দাম ০ দশমিক ২ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৮ শতাংশ কমেছে। সূত্র: রয়টার্স





কমেন্ট বক্স