ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন শুরু

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন শুরু
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি উদ্যোগ’ নামের এ কর্মসূচির আওতায় দেশের ৫৬ জেলার তরুণদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে।

রোববার (১ নভেম্বর) থেকে তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।৫৬ জেলার সব উপজেলার উদ্যোক্তারা এ আবেদন করতে পারবেন। এর আগে প্রাথমিক পর্যায়ে আট জেলার আবেদন নেওয়া হয়।

এই কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে।
অর্থাৎ, ঋণ ও অনুদান মিলিয়ে একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। ঋণ ও অনুদানের অর্থ এককালীন একসঙ্গে দেওয়া হবে।

অনুদান আসবে বাণিজ্যিক ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকে।

এদিকে দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের অনুসন্ধান, প্রকৃত উদ্যোক্তা নির্বাচন ও অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক পরিচালিত ‘উদ্যোগ’: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে।

কর্মসূচির সক্রিয়করণ পর্যায়ে আট বিভাগের আটটি জেলা—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণার সকল উপজেলায় আবেদন গ্রহণ করা হয়। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখায় তরুণ উদ্যোক্তারা আবেদন জমা দেন।

প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলাভিত্তিক আবেদনের সংখ্যা হলো—মানিকগঞ্জে ১,৩৪৩টি, ফেনীতে ১,২৬১টি, নওগাঁয় ২,৪৫৬টি, ঝিনাইদহে ২,১৯১টি, ভোলায় ১,৫৪৫টি, হবিগঞ্জে ১,৫৫২টি, রংপুরে ২,৭৪৫টি এবং নেত্রকোণায় ৫,৩৫১টি।

এর ধারাবাহিকতায় উল্লিখিত আট জেলা ছাড়া অবশিষ্ট ৫৬ জেলার সকল উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এসএমইএসপিডি সার্কুলার নং-০৫-এর মাধ্যমে জারি করা হয়েছে। নীতিমালাটি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) এবং এসএমই পোর্টালে (www.bb.org.bd/smespd_portal) পাওয়া যাবে।

দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনী উদ্যোগের প্রসারে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে এ কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সক্রিয় সহযোগিতা কামনা করছে বাংলাদেশ ব্যাংক।

ঋণ প্রদানের ক্ষেত্রে বাছাই প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছিলেন, যে কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে উদ্যোক্তারা ঋণের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাইয়ে একটি কমিটি থাকবে। সেই কমিটিতে ব্যাংকার ছাড়াও বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা থাকবেন। তাদের সুপারিশের ভিত্তিতেই নির্বাচিত উদ্যোক্তাদের ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক।





কমেন্ট বক্স