শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা প্রস্তুতি আরো জোরদার করেছে জেলা প্রশাসন। বিজিবির মোতায়েন ১০ প্লাটুন থেকে বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় ১০ প্লাটুন বিজিবির সঙ্গে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে নতুন করে আরও এক প্লাটুন বিজিবি ও চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যুক্ত করা হয়েছে। ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিজিবি সদস্যরা বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এসব তথ্য জানান।
জেলা প্রশাসন সূত্র জানায়, পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
তবে মঙ্গলবার সকাল পর্যন্ত পরিস্থিতি ছিল অনেকটাই স্বাভাবিক। জেলার কোথাও শ্রমিকদের সড়কে অবস্থান বা মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেনি। বিভিন্ন কারখানায় শ্রমিকদের দলবদ্ধভাবে কাজে যোগ দিতে দেখা গেছে।