ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের কেউই প্রকৃত শ্রমিক নন বলে দাবি করেছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এবং আশুলিয়ার নরসিংহপুরে হামিম গ্রুপসহ বিভিন্ন শিল্পকারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিতে চলা আন্দোলনের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। আন্দোলনের নামে কোনো বহিরাগত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে। এ সময় প্রকৃত শ্রমিকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বোরখা পরা ও হেলমেটধারী একটি গোষ্ঠী শ্রমিকদের উসকানি দিচ্ছে। কারা তাদের অর্থের জোগান দিচ্ছে, সে সম্পর্কেও পুলিশের কাছে তথ্য রয়েছে বলে জানান তিনি।
শামীমা পারভীন আরও বলেন, শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকেরা স্বাভাবিক পরিবেশে কাজ করছেন। তবে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।