ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে শিকারির ফাঁদ থেকে দুই হরিণ উদ্ধার

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
সুন্দরবনে শিকারির ফাঁদ থেকে দুই হরিণ উদ্ধার
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া এলাকার গহিন অরণ্যে শিকারির ফাঁদে আটক দুটি জীবিত হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। এ সময়ে জব্দ করা হয়েছে শিকারিদের পেতে রাখা হরিণ শিকারের বিপুল পরিমাণ ফাঁদ। উদ্ধার করার পর ওই দুই হরিণকে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।

সোমবার (২ নভেম্বর) বিকেলে হরিণ দুটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন বিভাগ জানায়, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা সোমবার দুপুরে আড়াইটার দিকে জোংড়ার কুঞ্চির খাল এলাকার গহিন অরণ্যে পায়ে হেঁটে টহলের সময় শিকারিদের পেতে রাখা হরিণ শিকারের ফাঁদ দেখে এগিয়ে যান।

এ সময় বনরক্ষীরা ফাঁদে আটকে থাকা দুটি জীবিত হরিণ দেখতে পান। বনরক্ষীরা চোরাশিকারিদের ফাঁদে আটক দুটি হরিণ উদ্ধার করেন। এ সময়ে শিকারিদের পেতে রাখা হরিণ শিকারের বিপুল পরিমাণ ফাঁদ জব্দ করা হয়। এরপর প্রাথমিক চিকিৎসা দিয়ে হরিণ দুটিকে বিকেলে ওই এলাকার বনে অবমুক্ত করা হয়।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, জোংড়া টহল ফাঁড়ির বনরক্ষীরা সুন্দরবনে পায়ে হেঁটে টহলের ফলে দুটি হরিণের প্রাণ রক্ষা পেয়েছে। এই অবস্থায় চোরাশিকারিদের প্রতিরোধে বনরক্ষীদের টহল কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।





কমেন্ট বক্স