ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলতেই ফাটল মুড়ির প্যাকেট: দগ্ধ হয়ে হাসপাতালে জামায়াত নেতা

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
খুলতেই ফাটল মুড়ির প্যাকেট: দগ্ধ হয়ে হাসপাতালে জামায়াত নেতা
খুলনার দিঘলিয়া উপজেলায় ঘরের বাইরে পড়ে থাকা একটি ‘মুড়ির প্যাকেট’ কুড়িয়ে ঘরে আনার পর বিস্ফোরণে জামায়াতে ইসলামীর এক নেতা মারাত্মক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে সেনহাটী ইউনিয়নের কলেরপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। দিঘলিয়া থানার ওসি অরূপ কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

আহত মনিরুল ইসলাম সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের একটি ইউনিটের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম আজ ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ি ফেরার পর ঘরের দরজার সামনে একটি পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান। কেউ ভুল করে প্যাকেটটি রেখে গেছে মনে করে তিনি সেটি হাতে তুলে নেন। প্যাকেটটি ঘরে নেওয়ার পর বিস্ফোরণ ঘটে। এতে মনিরুল ইসলামের হাত ও পায়ের বিভিন্ন অংশ ঝলসে যায়।

এদিকে বিস্ফোরণে ঘরের আসবাবপত্রেও আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহত মনিরুল ইসলামকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

মনিরুল ইসলামের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করে দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুশফিকুর রহমান বলেন, আহত মনিরুল ইসলাম জামায়াতের একটি ইউনিটের সভাপতি। তার ছোট ভাই এম এম রকিব উদ্দিন সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জামায়াত মনোনীত সদস্য পদপ্রার্থী। মূলত ওই প্রার্থীকে ভয় দেখানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা মুড়ির প্যাকেটে বোমা রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভুল করে বোমাসহ প্যাকেটটি রকিব উদ্দিনের ঘরের পরিবর্তে মনিরুল ইসলামের ঘরের দরজার সামনে রেখে যেতে পারে।

পাশাপাশি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান মুশফিকুর রহমান।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিস্ফোরণের নেপথ্যের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

এ বিষয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরুপ কুমার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মনিরুল ইসলাম একটি মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যান। সকাল পৌনে ছয়টার দিকে নামাজ শেষে বাড়ি ফিরে গেটের পাশে একটি পলিথিনের ব্যাগ দেখতে পান। পরে ঘরে নিয়ে সেটি হাতে নিয়ে পরীক্ষা করার সময় হাতে তৈরি ককটেলটির বিস্ফোরণ ঘটে। 

এসময় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।





কমেন্ট বক্স