ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে সর্বোচ্চ জরুরি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
২ ঘন্টা আগে
সৌদি আরবে সর্বোচ্চ জরুরি সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রসহ বৃষ্টি, আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি টর্নেডো সৃষ্টির আশঙ্কাও রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, দেশটির অধিকাংশ অঞ্চলে হালকা থেকে ভারী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে থাকবে তীব্র বাতাস, ধূলিঝড় এবং আকস্মিক বন্যার ঝুঁকি।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া মদিনা, তাবুক, আল জউফ, নর্দার্ন বর্ডারস, হাইল, নাজরান এবং রিয়াদের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পবিত্র শহর মক্কা ও তায়েফসহ আল জুমুম, বাহরা, মাইসান, আধাম ও আল আরদিয়াত গভর্নরেটে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, জেদ্দা, রাবিঘ ও খুলাইস এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। আল লিথ ও আল কুনফুদাহ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এনসিএম সতর্ক করেছে, বজ্রসহ বৃষ্টির সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। এতে ধুলাবালি ছড়িয়ে সড়কে দৃশ্যমানতা কমে যেতে পারে। পাশাপাশি আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং উপকূলীয় এলাকায় বড় ঢেউ সৃষ্টি হতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, যেসব এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হবে, সেখানে টর্নেডো কিংবা জলস্তম্ভ তৈরির আশঙ্কা রয়েছে।

প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সৌদি আরবের কিছু এলাকায় আগামী সপ্তাহের শেষ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন আবহাওয়া সতর্কতা জারি করা হবে।

এ অবস্থায় স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকদের সতর্ক থাকার পাশাপাশি এনসিএমের ওয়েবসাইট, ‘আনওয়া’ আবহাওয়া অ্যাপ এবং সংস্থাটির যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে নিয়মিত আবহাওয়ার আপডেট অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। সূত্র: গালফ নিউজ।





কমেন্ট বক্স