মানিকগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অভিযোগে তিনটি হোটেলকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে তিনটি প্রতিষ্ঠানের খাবার তৈরির স্থানে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। এ ছাড়া খাবার প্রস্তুত ও সংরক্ষণের স্থানগুলো ছিল অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আল আমিন সুইটস অ্যান্ড হোটেলকে ১০ হাজার টাকা, পলাশ মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা এবং মিষ্টি মুখ হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান তিনটিকে আগামী তিন দিন খাবার বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিসহ বিভিন্ন খাবার তৈরির দায়ে তিনটি হোটেলকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগম ও ব্যাটালিয়ন সদস্যরা সহযোগিতা করেন।