শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের ঘটনায় ঢাকার সাভার ও আশুলিয়ার দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ বুধবার (৪ নভেম্বর) উদ্ভূত পরিস্থিতিতে শ্রমিকদের নিরাপত্তা ও কারখানার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া মোবাইল ফোনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সাভার ও আশুলিয়ায় উদ্ভুত পরিস্থিতিতে ২০০ শতাধিক কারখানা ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ।
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে কয়েক দিন ধরে ঢাকার সাভার-আশুলিয়া, গাজীপুর শিল্পাঞ্চল, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার পোশাকশ্রমিকেরা অবরোধ- বিক্ষোভ করছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।
সন্ধ্যা ৭টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বলেন, শ্রমিকদের ঘিরে দুষ্কৃতকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের লোকজনের সংখ্যাই বেশি। হেমায়েতপুরে শুরুতে তাঁরাই পোশাক কারখানায় হামলা চালান। এতে শ্রমিকেরা আতঙ্কিত হয়ে কারখানা থেকে বের হয়ে আসেন। প্রকৃত শ্রমিকেরা আজকের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।