ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ বিদ্যালয়ে গিয়ে শিশুদের পাঠদান করালেন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
হঠাৎ বিদ্যালয়ে গিয়ে শিশুদের পাঠদান করালেন প্রতিমন্ত্রী
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আলহাজ্ব এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ে পৌঁছালে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের উপস্থিতিতে তাঁকে অভ্যর্থনা জানানো হয়।

বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন প্রতিমন্ত্রী। তিনি শিশু শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষের মেঝেতে বসে পাঠদান করেন। এ সময় শিশুদের সঙ্গে হাসি-আনন্দে মেতে ওঠেন। প্রতিমন্ত্রীর এমন আন্তরিকতায় বিদ্যালয়জুড়ে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

বিদ্যালয়ে প্রায় তিন ঘণ্টা অবস্থানকালে প্রতিমন্ত্রী প্রাক-প্রাথমিক ও প্রাথমিকস্তরের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে সরাসরি অংশ নেন। শিশুদের পড়াশোনা, মেধা বিকাশ এবং শেখার আগ্রহ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ এবং বিদ্যালয়ের খাদ্য সংরক্ষণ কার্যক্রমও পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ ছাড়া মা সমাবেশের সদস্য, বুক অধিনায়ক ও লিটল এগ্রিকালচার কার্যক্রমের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মো. সেলিম, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, সহকারী পুলিশ সুপার মফিউর রহমানসহ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।





কমেন্ট বক্স