ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে 'জান্নাত' দেওয়া সেই প্রার্থী এখন জামায়াতের জেলা আমির

অনলাইন ডেস্ক
২৪ মিনিট আগে
নির্বাচনে 'জান্নাত' দেওয়া সেই প্রার্থী এখন জামায়াতের জেলা আমির
২৩ বছর পর লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির পরিবর্তন করা হয়েছে। দলটির নতুন আমির নির্বাচিত হয়েছেন এ আর হাফিজ উল্লাহ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন। নির্বাচনী প্রচারণার সময় ‘দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’ মন্তব্য করে আলোচনায় আসেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করেছে দলটি। এ আর হাফিজ উল্লাহ আমির হিসেবে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। তিনি এর আগে লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন।

চলতি বছর ৮ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় ভোটারদের উদ্দেশে বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছিলেন এ আর হাফিজ উল্লাহ। তিনি বলেছিলেন, ‘আপনারা যদি ইসলামের পক্ষে, পবিত্র কোরআনের পক্ষে, দাঁড়িপাল্লায় ভোট দেন; আপনারা কী কী কারণে সওয়াবের ভাগী হবেন—এই দেওয়ার কারণে, আপনারা আল্লাহর পক্ষে দিছেন, পবিত্র কোরআনের পক্ষে দিছেন; আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর আমি বলি, যারা পবিত্র কোরআনের বিরুদ্ধে ভোট দিবে, তারা গুনাহগার হবে।’

আর হাফিজ উল্লাহর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। নির্বাচনে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে জামায়াত প্রার্থীর এমন বক্তব্য নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। জানতে চাইলে এ আর হাফিজ উল্লাহ সে সময় বলেন, ‘এমন কোনো বক্তব্য আমি দিয়েছি কি না, তা আমার মনে নেই। তবে ভুল করে মুখ ফসকে এমন কিছু বলে থাকতে পারি। আবার অনেক সময় আমার বক্তব্য খণ্ডিতভাবেও উপস্থাপন করা হয়।’

নতুন পদে দায়িত্ব পাওয়ার বিষয়ে এ আর হাফিজ উল্লাহ বলেন, ‘দলের পক্ষ থেকে জেলা আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এ দায়িত্ব পালনের চেষ্টা করব। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলকে শক্তিশালী করতে কাজ করে যাব।’





কমেন্ট বক্স