ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ ও অন্তর্বর্তী আমলের দুর্নীতির তথ্য তলব

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
আ.লীগ ও অন্তর্বর্তী আমলের দুর্নীতির তথ্য তলব
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর-সংস্থাসমূহে বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংগঠিত অনিয়ম ও দুর্নীতির পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে আলোচিত এসব অনিয়ম-দুর্নীতির ঘটনায় এখন পর্যন্ত কী ধরনের আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে, তা পরবর্তী বৈঠকে উপস্থাপন করার জোর সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।

সংসদীয় কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা, দীপেন দেওয়ান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম ও মাছুম মোস্তফা।

বৈঠকে পার্বত্য অঞ্চলে প্রত্যাগত শরণার্থী ও গুচ্ছগ্রামে বসবাসরত অ-উপজাতীয়দের মধ্যে রেশন কার্ড বিতরণে অনিয়ম দূর করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করে তাদের মধ্যে রেশন কার্ড বিতরণ নিশ্চিত করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

এ ছাড়া মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরের শূন্য পদ এবং এসব পদ পূরণে এখন পর্যন্ত কী উদ্যোগ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে সাজেক ইস্যুতে ক্ষতিগ্রস্তদের জন্য মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপ সম্পর্কেও জানতে চেয়েছে সংসদীয় কমিটি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

অন্যদিকে, পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় কর্মরত পাড়াকর্মীদের সম্মানী ভাতা বাড়ানোর সুপারিশ করেছে কমিটি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের হ্রাসকৃত সম্মানী ভাতা সম্মানজনক পর্যায়ে পুনর্নির্ধারণের কথা বলা হয়েছে।

বৈঠকে চলতি অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ ও তার সুষম বণ্টন, খাদ্যশস্য বরাদ্দে অনিয়ম, ব্যয় পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

এ ছাড়া আগামী ডিসেম্বর মাসে তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠক এবং সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





কমেন্ট বক্স