ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়ে অভিযানে যৌথবাহিনী

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
পাহাড়ে অভিযানে যৌথবাহিনী
কক্সবাজারে টেকনাফের পাহাড় ঘিরে একের পর এক ঘটনায় বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক। বৃহস্পতিবার সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানায় যৌথবাহিনীর অভিযানে গুলিতে প্রাণ গেছে এক সেনাসদস্যের। একই অভিযানে বন্দিদশা থেকে উদ্ধার হয়েছেন ৫৬ জন।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার নতুন করে দুর্গম পাহাড়ের জঙ্গলে তিনজনের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে।

হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে এসব লাশ থাকার খবর পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এখনো লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে সেগুলো আদৌ লাশ কিনা, তা নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ।

এদিকে সশস্ত্র অপরাধীদের আস্তানা ঘিরে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পাহাড়ে তিনটি লাশ পড়ে থাকার খবর শুনছি। এখন লাশ না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলতে পারছি না।

শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, আমরা শুনেছি, পাহাড়ে তিনটি লাশ পড়ে আছে। তবে লাশ এমন একটি বিষয়, যা উদ্ধার না করা পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না, আসলে সেগুলো লাশ কিনা। তিনি আরও বলেন, মানবপাচার যতদিন চলবে, ততদিন অভিযানও চলবে।

এর আগে বৃহস্পতিবার বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় মানবপাচারকারীদের গুলিতে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) নিহত হন। একই অভিযানে পাহাড়ে বন্দি থাকা ৫৬ জনকে উদ্ধার করা হয়। আটক করা হয় মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে। উদ্ধার হওয়া ব্যক্তিদের শুক্রবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাহাড়ে নতুন করে তিনজনের লাশ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। তাদের দাবি, টেকনাফের পাহাড়ে সশস্ত্র অপরাধী ও মানবপাচারকারী চক্রের আস্তানা গড়ে উঠেছে। এসব আস্তানা নির্মূলে বিচ্ছিন্ন অভিযান নয়, পুরো পাহাড়জুড়ে সমন্বিত সাঁড়াশি অভিযান চালাতে হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, পাহাড়ে অবস্থানরত সশস্ত্র মানবপাচারকারীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অপরাধ করে কেউ পার পাওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে দায়িত্ব পালনরত একজন সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। এ ধরনের অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।





কমেন্ট বক্স