চার দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা সুবিধা আরো বিস্তৃত করেছে সৌদি আরব। এর ফলে দেশগুলোর আরও বেশি নাগরিক পর্যটন, ওমরাহ পালনসহ বিভিন্ন উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণের সুযোগ পাবেন। খবর গালফ নিউজের।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে এই চারটি দেশের নাম প্রকাশ করে। দেশগুলো হলো—মেক্সিকো, উত্তর মেসিডোনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং সার্বিয়া।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত যোগ্যতা ও বিধিমালা পূরণ সাপেক্ষে এসব দেশের নাগরিকরা সৌদি আরবের পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন।
এই ভিসার আওতায় ভ্রমণকারীরা বিভিন্ন অনুষ্ঠান ও বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ, ওমরাহ পালন, প্রদর্শনী ও সম্মেলনে যোগদান এবং আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।
অফিশিয়াল ‘ভিজিট সৌদি’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, চার দেশের যোগ্য নাগরিকরা তিন ধরনের ভিসা সুবিধা পাবেন। এগুলো হলো—ই-ভিসা, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে অন-অ্যারাইভাল ভিসা এবং ট্রানজিট ভিসা।
তবে প্রতিটি ভিসার জন্য আলাদা যোগ্যতা, শর্ত ও নিয়মকানুন প্রযোজ্য হবে। ফলে আবেদনকারীদের ভিসার ধরন অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণের সুযোগ বাড়ানো এবং পর্যটন, ধর্মীয় সফর ও ব্যবসায়িক প্রয়োজনে দেশটিতে যাতায়াত সহজ করার চলমান উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।