ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সামিটের এলএনজি টার্মিনাল চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
সামিটের এলএনজি টার্মিনাল চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ
কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা থেকে টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম আবার শুরু হয়েছে। এর ফলে জাতীয় গ্যাস গ্রিডে আগের মতো গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

শনিবার পেট্রোবাংলার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দুটি এলএনজি টার্মিনাল থেকেই জাতীয় গ্যাস গ্রিডে আগের মতো গ্যাস সরবরাহ করা হচ্ছে।

এর আগে গত ১ নভেম্বর পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।

এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসার কথা জানানো হয়।

টার্মিনালটির রক্ষণাবেক্ষণ চলাকালে জাতীয় গ্রিডে প্রতিদিন ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়।

এতে সারাদেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ দেখা দেওয়ার আশঙ্কার কথাও জানিয়েছিল পেট্রোবাংলা।





কমেন্ট বক্স