ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

অনলাইন ডেস্ক
৯ ঘন্টা আগে
ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন
সব ধরনের খরচ ছাড়াই পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিতে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। দেশটির সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক অ্যাপের মাধ্যমে এ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিনা খরচে ওমরাহ পালনের পাশাপাশি জমজমের পানি জেতার সুযোগ রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের। 

প্রতিযোগিতায় মোট ১০০টি ওমরাহ প্যাকেজ এবং ১০ হাজার কার্টন জমজমের পানি পুরস্কার হিসেবে দেয়া হবে। প্রতিটি ওমরাহ প্যাকেজে দুজনের ভ্রমণের ব্যবস্থা থাকবে। এতে অন্তর্ভুক্ত রয়েছে ওমরাহ ভিসা, বিমান টিকিট এবং মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসন। ইন্দোনেশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম ডেটিকের প্রতিবেদন এসব বলা হয়।

গত ১ নভেম্বর নুসুকের সামাজিক যোগাযোগমাধ্যমের আনুষ্ঠানিক অ্যাকাউন্টে এ প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। ৫ নভেম্বর বিকেল পর্যন্ত তিনজন ওমরাহ প্যাকেজ এবং আরও ৩০ জন জমজমের পানি জিতেছেন বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম ডেটিক।

যেভাবে অংশ নেবেন: প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে স্মার্টফোনে নুসুক অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর অ্যাকাউন্ট খুলে অথবা আগে থেকে নিবন্ধিত অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।

অ্যাপে প্রবেশের পর ‘স্টার্ট দ্য চ্যালেঞ্জ’ অপশন নির্বাচন করতে হবে। সেখানে চারটি বিষয়ভিত্তিক বিভাগ থেকে যেকোনো একটি বেছে নেয়া যাবে। বিভাগগুলো হলো মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী, পবিত্র কুরআন, মক্কা ও মসজিদুল হারাম এবং মদিনা ও মসজিদে নববি।

এরপর নির্বাচিত বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে প্রতিযোগীর নাম লটারির তালিকায় যুক্ত হবে।

প্রতিদিন প্রত্যেক অংশগ্রহণকারী একটি করে ডিজিটাল চাবি পাবেন। বন্ধু বা আত্মীয়দের কাছে প্রতিযোগিতার লিংক পাঠিয়ে অতিরিক্ত চাবি পাওয়ার সুযোগও রয়েছে।

সৌদি আরবের স্থানীয় সময় প্রতিদিন রাতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। নুসুকের আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম ও এক্স অ্যাকাউন্টে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হবে।

বিনা খরচে ওমরাহ প্যাকেজের পাশাপাশি বিজয়ীরা ২০ কার্টন জমজমের পানিও পাবেন। এর মধ্যে ১০ কার্টন নিজের জন্য এবং বাকি ১০ কার্টন অন্যদের উপহার দেয়ার সুযোগ রয়েছে।

প্রতিযোগিতায় অংশ নিতে নুসুকের নিবন্ধিত অ্যাকাউন্ট থাকাই যথেষ্ট। তবে কুইজে অংশ নিলেই পুরস্কার নিশ্চিত হবে না। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।





কমেন্ট বক্স