রোববার (৮ নভেম্বর) সরকারি ছুটি কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। জানা গেছে, ৮ নভেম্বর কোনো সাধারণ বা নির্বাহী আদেশের সরকারি ছুটি নয়। দিনটি স্বাভাবিক কার্যদিবস হিসেবেই গণ্য হবে।
এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৮ নভেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘শ্যামা পূজা’ উপলক্ষে ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারিত রয়েছে।
নিয়ম অনুযায়ী, কোনো সাধারণ সরকারি ছুটি না থাকলেও সংশ্লিষ্ট ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এদিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। তবে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটির বিষয়টি কিছুটা ভিন্ন। ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ছুটির সূচি অনুযায়ী, ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর (রোববার) ‘শ্যামা পূজা’ উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।
হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ‘শ্যামা পূজা’ রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সাধারণত, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে ‘শ্যামা পূজা’ বা ‘কালী পূজা’ অনুষ্ঠিত হয়।