ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড আবেদনের মাঝেই এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল

অনলাইন ডেস্ক
৪ ঘন্টা আগে
রেকর্ড আবেদনের মাঝেই এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল
কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের কথা বিবেচনায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। বিজ্ঞপ্তিতে সই করেন কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অনলাইন কারিগরি ত্রুটির কারণে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদনপ্রক্রিয়া ব্যাহত হয়। এতে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। এ পরিস্থিতি বিবেচনায় আবেদনের শেষ সময় ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে ৮ নভেম্বর দুপুর ১২টা করা হয়েছে।

গত ১ নভেম্বর থেকে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছিল। শনিবার রাত ৮টা পর্যন্ত ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাঁদের অনেকে একাধিক বিষয় ও পত্রের জন্য আবেদন করায় মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি।





কমেন্ট বক্স